নিজস্ব প্রতিবেদক: দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ১১ দলীয় রাজনৈতিক ঐক্য। একই সঙ্গে পতিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন জোটের শীর্ষ নেতারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা বাংলাদেশের মানুষের সামনে নিজেদের প্রকৃত পরিচয় তুলে ধরছে।
তিনি বলেন, এ পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দলীয় ঐক্যের নেতারা বৈঠকে বসেছেন।
মামুনুল হক বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে প্রতিহত করতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
জুলাই গণঅভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজপথে যে ঐক্য তৈরি হয়েছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বলতার দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন ছিল ওই ঐক্যের প্রধান ভিত্তি। কিন্তু গণভোটের রায় কার্যকর না করায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা মনে করেন।
মামুনুল হক বলেন, ১১ দল গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছে। দলমতের ঊর্ধ্বে উঠে জনগণকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, নৈরাজ্যবাদী শক্তি মানুষের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছে ১১ দলীয় ঐক্য।
সাম্প্রতিক হামলায় বিভিন্ন রাজনৈতিক দলের নিহত নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। পাশাপাশি বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সড়কে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন।
সরকারের প্রতি কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানিয়ে মামুনুল হক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দেন। একই সঙ্গে অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে, ইনশাআল্লাহ।”
ব্রিফিংয়ে জোটের নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান ছিল না। এর সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে।
তারা আরও বলেন, সরকারের আচরণ এবং গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে। ফলে ফ্যাসিবাদী শক্তির পেছনে থাকা শক্তিগুলোও অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে।
নেতারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং এ দেশের জনগণ সচেতন ও সতর্ক। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণ জীবন দিতেও প্রস্তুত। দেশপ্রেম ও ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
তারা বলেন, কোন দল ক্ষমতায় থাকবে, সেটি ১১ দলের কাছে মুখ্য বিষয় নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, জানমাল রক্ষা করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা।
নেতাদের মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য।
বৈঠকে যারা উপস্থিত ছিলেন
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ বিভিন্ন দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।