• ঢাকা |

পতিত আওয়ামী শক্তির নাশকতার বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকায় খেলাফত মজলিসের বিক্ষোভ


নিউজ প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: পতিত আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস।

বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠক থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

বৈঠকে নেতৃবৃন্দ সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পুনরায় সক্রিয় হয়ে ওঠার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। টুঙ্গিপাড়া থানা জ্বালিয়ে দেওয়া, সরকারি স্থাপনা ধ্বংস, সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

নেতৃবৃন্দ এসব অপতৎপরতা মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরের দাবি জানান তারা।

বৈঠকে জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখারও আহ্বান জানানো হয়।

নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এতে দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন সম্পাদক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।