নিয়মিত পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শেখা ও পরিবেশ সুরক্ষায় গুরুত্বারোপ; নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না; ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, বিদেশি ভাষা শেখা এবং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদের অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে মাগরিবের নামাজের বিরতির সময় মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের স্কুল ও কলেজগুলোতে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নবম শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে। এতে ছয় থেকে সাত ধরনের খেলা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে।
তিনি বলেন, সুস্থভাবে বেড়ে ওঠা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষাজীবনে পড়াশোনা ও খেলাধুলার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে।
শিক্ষার্থীদের বহুভাষিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, ম্যান্ডারিন ও জাপানিসহ ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দ অনুযায়ী একটি ভাষা শেখার সুযোগ থাকবে।
প্রধানমন্ত্রী মনে করেন, বর্তমান বিশ্বে ভাষাগত দক্ষতা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিবেশ সুরক্ষার বিষয়েও শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ রক্ষা এবং প্রাণীসহ অন্যান্য জীবের প্রতি দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্ব দেন।
বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, জন্মদিনে প্রিয়জনদের উপহার হিসেবে গাছের চারা দেওয়া যেতে পারে। বেশি বেশি গাছ লাগানো হলে পরিবেশের উন্নতি হবে এবং এর সুফল সবাই ভোগ করবে।
তিনি বলেন, ‘তোমরা হয়তো ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভটা আমাদের সবার।’
মানুষ সৃষ্টির সেরা জীব উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রকৃতি ও অন্যান্য জীবের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ববোধ শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে এখন থেকেই বহুমুখী প্রস্তুতি নিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফল করাই জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; একই সঙ্গে দক্ষতা, মানবিকতা, শৃঙ্খলা, সামাজিক দায়িত্ববোধ এবং প্রকৃতির প্রতি ভালোবাসাও অর্জন করতে হবে।
এদিকে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের উদ্যোগে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন।
এ ছাড়া রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থীও এই পরিদর্শক দলে অংশ নেন।
সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেয়, সংসদ গ্রন্থাগার ঘুরে দেখে এবং ভবনের নর্থ প্লাজায় ফটোসেশনে অংশ নেয়।
সংসদ ভবনের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে সরাসরি জানার সুযোগ পায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় শিক্ষার্থীদের সামনে ভবিষ্যৎ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ক্ষেত্রে একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে। তাঁর বক্তব্যে স্পষ্ট হয়েছে, আগামী দিনের বাংলাদেশ গড়তে শুধু শিক্ষিত নয়, বরং দক্ষ, ক্রীড়ামনস্ক, বহুভাষিক, পরিবেশসচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিতে চায়।