আনিছুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এক নির্বাচনী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় কালীগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে এ শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, "ন্যায় ও সত্য প্রতিষ্ঠার আন্দোলনে কর্মীদের সাহস, ত্যাগ ও সততা অপরিহার্য। সংগঠনের মূল শক্তি কর্মীরা। তাই তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও ঐক্যের মাধ্যমেই সংগঠনকে শক্তিশালী করতে হবে।"
তিনি আরও বলেন, "একটি সংগঠন কেবল নেতৃত্ব দিয়ে টিকে থাকে না, বরং কর্মীদের আন্তরিকতা, ত্যাগ ও আদর্শের প্রতিফলনেই তা শক্তিশালী হয়।"
অন্যান্য বক্তারাও কর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থেকে আদর্শিক ভূমিকা রাখার আহ্বান জানান। তারা বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গাজী নজরুল ইসলাম ও মুহাদ্দিস রবিউল বাশারকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করা অত্যন্ত জরুরি। বক্তারা একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।