• ঢাকা |

হিয়ামনি বাঁচতে চায়, দরকার চিকিৎসা ও একটি নিরাপদ ঘর


নিউজ প্রকাশের তারিখ : ৩০ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শাহজাহান মিয়া, সুন্দরগঞ্জ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হরি মহন্ত ও বিউটি রানী দম্পতির প্রতিবন্ধী মেয়ে হিয়ামনি দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত। উন্নত চিকিৎসার অভাবে ছোট্ট এই শিশুটির জীবন এখন অনিশ্চয়তার মুখে।

মেয়েকে সুস্থ করে তুলতে রংপুরে দীর্ঘদিন চিকিৎসা করিয়েছেন তার বাবা-মা। তবে সেখানে চিকিৎসকরা হিয়ামনিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু দরিদ্র পরিবারের কাছে ঢাকায় চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।

হরি মহন্ত উপজেলা পরিষদের রেজিস্ট্রি অফিসের পাশে সরকারি জায়গায় একটি ছোট চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছেন তিনি।

এদিকে পরিবারটির বাসস্থানের অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের বেড়া ভেঙে গেছে এবং চালের বিভিন্ন স্থানে সমস্যা রয়েছে। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশেই অসুস্থ হিয়ামনিকে নিয়ে দিন কাটছে পরিবারটির।

একদিকে মেয়ের উন্নত চিকিৎসার প্রয়োজন, অন্যদিকে মাথা গোঁজার জন্য একটি নিরাপদ ঘর—দুই সংকটেই অসহায় পরিবারটি। হরি মহন্ত ও বিউটি রানী সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, প্রবাসীসহ দেশ-বিদেশের সহৃদয় মানুষের কাছে হিয়ামনির চিকিৎসা ও ঘর মেরামতের জন্য সহযোগিতার আবেদন জানিয়েছেন।

হিয়ামনি বাঁচতে চায়। একটি শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার পরিবারের জন্য বড় আশার আলো।