বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সেনাবাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানে ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে। সোমবার বিকেলে বান্দরবান সেনা জোনের অধীন রেইচা চেকপোস্টে এই আটক কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, কক্সবাজার থেকে বান্দরবানের উদ্দেশ্যে আসার পথে তাদের চলাচল সন্দেহজনক মনে হলে দায়িত্বরত সেনাসদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ২১ জনকেই আটক করা হয়।
সেনা সূত্র জানায়, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে। আইনানুগ কার্যক্রম সম্পন্ন হলে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, বান্দরবান সেনা জোন জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।