• ঢাকা |

আলফাডাঙ্গায় দুই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


নিউজ প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দরিরুদ্দীনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও এলাকাবাসী।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের সুনাম ফিরিয়ে এনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মরহুম মকবুল হোসেনের ছেলে অভিযোগ করেন, তাঁর বাবা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৮৪ শতাংশ জমি দান করলেও প্রতিষ্ঠাতা হিসেবে যথাযথ স্বীকৃতি পাননি। তিনি আরও অভিযোগ করেন, তাঁদের পরিবার দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে।

মকবুল হোসেনের মেয়ে বলেন, জমি দানের সময় করা রেজুলেশনে তাঁদের পরিবারকে যোগ্যতা অনুযায়ী বিদ্যালয়ের সুযোগ-সুবিধা দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। তাঁর অভিযোগ, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী তাঁর ভাইয়ের বেতন গত দুই বছর ধরে আটকে রাখা হয়েছে। দরপত্রদাতা হওয়ার কারণে তাঁর ভাইকে জেলহাজতেও থাকতে হয়েছিল বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দরিরুদ্দীনের বিরুদ্ধে গত ১০ থেকে ১২ বছরের কর্মকাণ্ড তদন্তের পাশাপাশি সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোও নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়।

বক্তারা বিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ তালুকদার।