মোঃ হাদিয়াতুল ইসলাম, ফুলপুর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের আমরণ অনশন কর্মসূচি থেকে মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ময়মনসিংহের ফুলপুরের পয়ারী গ্রামের বাসিন্দা এবং ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিত মৎস্য ক্যাডারের প্রার্থী বলে জানা গেছে।
একই সঙ্গে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে অনশনস্থল থেকে তাঁকেসহ চারজনকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওনের নেতৃত্বে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আটক অন্য তিনজন হলেন এইচ এম ফেরদাউস খান, একরাম গাজী ও মো. হাবিবুল ইসলাম। গত ২১ অক্টোবর বিকেল ৪টা থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের উদ্যোগে আমরণ অনশন কর্মসূচি শুরু হয়। তবে আটকের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।