• ঢাকা |

রামগঞ্জে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে গুলিবর্ষণ


নিউজ প্রকাশের তারিখ : ৪ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় গৌরিপুর আমতলী বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে বালু তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় এক পক্ষ বিল থেকে বালু তুলতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। মুহূর্তেই দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রাণভয়ে চারদিকে ছুটোছুটি শুরু করেন।

এসময় গ্রামবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গুলিবর্ষণে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু সন্ত্রাসী অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তারা দ্রুত এসব অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজউদ্দীন জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।