মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) শ্রী চন্দর শেখর। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি চাতলাপুর চেকপোস্টে পৌঁছান।
এসময় চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শন শেষে তিনি এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
চাতলাপুর অভিবাসন কেন্দ্রের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের এ সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. তারিফ মিয়া, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন ও মো. ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ।
পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার চাতলাপুর অভিবাসন কেন্দ্রের জনবল, সুবিধা-অসুবিধা ও যাত্রীসেবার মান নিয়ে খোঁজখবর নেন এবং সেবার মানোন্নয়নের বিষয়ে নির্দেশনা দেন।
পরবর্তীতে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ ভারতের ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার দাবি জানান। জবাবে সহকারী হাইকমিশনার ব্যবসায়ীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং ভিসা জটিলতা নিরসনে সহায়তার আশ্বাস দেন।
শ্রী চন্দর শেখর জানান, সীমান্ত নিরাপত্তা জোরদারকরণ ও ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ সফর অনুষ্ঠিত হয়েছে।