মোর্শেদ আলম মালেক, রাজবাড়ী: রাজবাড়ীতে জেলা পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহনে টাইফয়েড টিকাদান বিষয়ে কনসাল্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।এতে রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ৪৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালার শুরুতে টাইফয়েড টিকাদানের গুরুত্ব ও টাইফয়েডের ভয়াবহতা নিয়ে মূল বিষয় উপস্থাপন করেন রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অচিন্ত্য কুমার কীর্তনীয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, প্রমুখ। কর্মশালায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ জানান, আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি।মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এই কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। বিনামূল্যে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েডের টিকা দেওয়া হবে।টিকা পেতে হলে অবশ্যই জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।সকাল ৮ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত টিকাদান কর্যক্রম চলবে।জেলায় আমাদের লক্ষ্যমাত্রা ৩ লাখ ১১ হাজার ৭২১ জন।ইতিমধ্যে রেজিষ্ট্রেশন করেছে ১ লাখ ৫ হাজার ৯৫৪ জন।