• ঢাকা |

তাড়াশ পৌর শহরে পাকা রাস্তার মধ্যে কাদার ভাগাড়, তিন মাস যান চলাচল বন্ধ


নিউজ প্রকাশের তারিখ : ৩ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

গোলাম মোস্তফা, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পৌর শহরে উপজেলা প্রকৌশল বিভাগের পাকা রাস্তার মধ্যে একটি স্থানে এক হাঁটুর বেশি গর্ত হয়ে আছে প্রায় তিন মাস ধরে। সংস্কারে অভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাস্তাটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের এ রাস্তাটির মধ্যের গর্তে বর্ষা মৌসুম জুড়ে বেশ পানি জমে ছিলো। এখনো পানি রয়ে গেছে, কর্দমাক্ত হয়ে আছে।
এদিকে তাড়াশ পশ্চিম ওয়াবদা বাঁধ সড়কের সাথে সংযোগ থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতের রাস্তাটি পার্শ্ব রাস্তা হিসাবে ব্যবহার হয়। পশ্চিম ওয়াবদা বাঁধ সড়ক দিয়ে দিন ও রাতে অসংখ্য যানবাহন চলাচল করে। বিশেষ করে জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় প্রায় আধা কিলোমিটার ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয় লোকজনকে। তাছাড়া পার্শ্ব রাস্তাটি অচল হওয়ায় ওয়াবদা বাঁধ সড়কের উপর যানবাহনের চাপ বেড়েছে। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। 
রুবেল হোসেন নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, তিনি একজন অটোভ্যান চালক। তিন মাস ধরে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা প্রকৌশল বিভাগ কিংবা পৌরসভার কোন দৃষ্টি নেই রাস্তাটি সংস্কারের।
গুরুদাসপুর উপজেলার আবু হানিফ নামে একজন সিএনজি চালক বলেন, আমি পশ্চিম ওয়াবদা বাঁধ সড়ক দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ব রাস্তায় ঢুকে পড়ি। পরে সিএনজি থেকে যাত্রী নামিয়ে আবার উল্টো পথে ঘুরে আসি। 
গতকাল রবিবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, ৫০০ মিটার রাস্তার এক পাশে বড় গর্ত। রাস্তার মধ্যের এ জায়গাটি দেখে বোঝার উপায় নাই পাকা সড়ক। যানবাহন চলাচল দূরের কথা, পায়ে হেঁটেও যাতায়াত করা সম্ভব নয়। 
উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, সংস্কার করে দেওয়া হবে।  
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান মুসলিম টাইমসকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তার বেহাল দশার কথা কেউ জানান নি। শীঘ্রই রাস্তাটি সংস্কার করে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করা হবে।