• ঢাকা |

লোডশেডিং ইস্যুতে ভাইরাল শাকিলের নিরাপত্তা শঙ্কা, থানায় জিডি


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তরুণ সাকিল আহমেদ (২৬) নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। জীবননাশের আশঙ্কা জানিয়ে গত ৩০ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা যায়, হরিপুর ভুইশাল পাড়ার মৃত শফিকুল ইসলামের ছেলে সাকিল আহমেদ সম্প্রতি এলাকার তীব্র বিদ্যুৎ সংকটের প্রতিবাদে একক ও শান্তিপূর্ণ নাগরিক উদ্যোগ গ্রহণ করেন। তার প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।সাকিল দাবি করেন, তার এই প্রতিবাদ সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে করা হয়েছে। এর সঙ্গে কোনো রাজনৈতিক দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো ধরনের সম্পৃক্ততা, উসকানি কিংবা অর্থায়ন ছিল না।জিডিতে সাকিল উল্লেখ করেন, ভবিষ্যতে তার ওপর কোনো ধরনের হামলা, অপহরণ বা ক্ষতির ঘটনা ঘটলে তার জন্য কোনো রাজনৈতিক দল বা নেতাকে দায়ী করা যাবে না। তিনি এ বিষয়ে তার আপন চাচা মো. সাইফুল ইসলামের (লাইন ইন্সপেক্টর, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি) বিরুদ্ধে আশঙ্কার কথা জানিয়েছেন।সাকিলের অভিযোগ, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তার চাচা ও সহযোগীরা সুযোগ নিয়ে তার বড় ধরনের ক্ষতি করতে পারেন।তিনি আরও জানান, এর আগে ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর তার ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তিনি গুরুতর আহত হন। ওই ঘটনার অভিযোগ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া পৈতৃক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে আত্মসাতের চেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।বর্তমান পরিস্থিতিতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাকিল আইনি সহায়তা কামনা করেছেন। এ বিষয়ে তাসলিমা খাতুন ও জেসমিন খাতুনকে সম্ভাব্য সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সংশ্লিষ্ট এএসআই জানান, সাকিল আহমেদের করা জিডি আবেদনটি গ্রহণ করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।