মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাল দলিল সরবরাহকারী চক্রের এক সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। সাব-রেজিস্ট্রারের তৎপরতায় বিষয়টি উদ্ঘাটিত হলে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ঘটনাটি ঘটে বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা গ্রামে। ভান্ডারা গ্রামের বাসিন্দা মকলেসুর রহমান ভান্ডারা মৌজার ১৫৫৯ দাগে অবস্থিত ৩৯ শতক জমির মধ্য থেকে ৩ শতক জমি নিজ পুত্রের নামে ওসিয়তনামা দলিল সম্পাদনের উদ্দেশ্যে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান।
দলিল লেখক স্বাধীন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে দলিল প্রস্তুত করেন এবং সাব-রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করেন। এ সময় দলিলের জাবেদা নকলটি সন্দেহজনক মনে হওয়ায় সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম রেকর্ড রুমে তল্লাশি চালান। তল্লাশিতে স্বাক্ষরের অমিল ধরা পড়লে দাতা ও গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, হরিপুর উপজেলার বড়য়াল গ্রামের আঃ রহিমের পুত্র মুজিবুর রহমান ১০ হাজার টাকার বিনিময়ে তাদের জাবেদা নকলটি সরবরাহ করেন। পরবর্তীতে কৌশলে মুজিবুর রহমানকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে ডেকে আনা হলে তিনি জাল দলিল তৈরির বিষয়টি স্বীকার করেন এবং এ চক্রের সঙ্গে জড়িত হরিপুর উপজেলার খিরাইচন্দি গ্রামের মানিক নামের আরও একজনের নাম প্রকাশ করেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জাল দলিল চক্রের সদস্য মুজিবুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার নাহিদুল ইসলাম জানান, “দলিলের জাবেদা নকলটি প্রথমেই আমার সন্দেহ হয়। রেকর্ড রুমে যাচাই করে সেটি ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা বিষয়টি স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি)-কে অবহিত করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে দণ্ড দেওয়া হয়।”