• ঢাকা |

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের পাশে ১৯৯৫ ব্যাচের বন্ধুরা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জাহিদ হাসান মিলু ,ঠাকুরগাঁও: শীত মানেই শুধু প্রকৃতির পরিবর্তন নয়—এটি অনেক শিক্ষার্থীর জন্য বাড়তি কষ্ট ও অনিশ্চয়তার নাম। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের ক্ষেত্রে শীত মৌসুমে নিয়মিত বিদ্যালয়ে যাওয়া হয়ে ওঠে চ্যালেঞ্জিং। ঠিক সেই বাস্তবতা থেকেই মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের দেশ ও প্রবাসে অবস্থানরত বন্ধুরা।

‘নিজেকে দিয়ে শুরু’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শীতের হিমেল হাওয়ায় যখন শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়, তখন এই উদ্যোগ শিশুদের জন্য হয়ে ওঠে উষ্ণতার এক নির্ভরতার নাম।

এক স্রোত ভিন্ন গতিপথে বইলেও লক্ষ্য একটাই—মানবতার মোহনায় মিলিত হওয়া। সেই বিশ্বাস থেকেই যৌথভাবে এই শীত উপহার কর্মসূচি বাস্তবায়ন করেছেন ১৯৯৫ ব্যাচের বন্ধুরা। দেশ-বিদেশে অবস্থান করেও তারা প্রমাণ করেছেন, দূরত্ব কখনো মানবিকতার পথে বাধা হতে পারে না।

শীতবস্ত্র পেয়ে আনন্দিত শিক্ষার্থীদের চোখেমুখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার ছাপ। তারা জানায়, শীতের কারণে আগে বিদ্যালয়ে আসতে কষ্ট হতো। এখন সুয়েটার পেয়ে নিয়মিত বিদ্যালয়ে আসতে পারবে বলে তারা আশা প্রকাশ করে। পাশাপাশি এই উপহারদাতাদের জন্য দোয়া ও ধন্যবাদ জানায় শিশু শিক্ষার্থীরা।

এ বিষয়ে ১৯৯৫ ব্যাচের বন্ধু মো. জাহাঙ্গীর আলম বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীতে আরও বৃহৎ পরিসরে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে।”

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনুয়ারুল কবির সুমন বলেন, “শীতের কারণে অনেক শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসতে পারতো না। এই শীতবস্ত্র পেয়ে তারা এখন আগ্রহ নিয়ে বিদ্যালয়ে আসবে বলে আমরা আশাবাদী। এমন উদ্যোগ শুধু শীত থেকে রক্ষা করে না, শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধও গড়ে তোলে।” তিনিএই মহৎ উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্থানীয়দের মতে, ভিন্ন পথ ও ভিন্ন দেশে অবস্থান করেও মানবতার টানে একত্রিত হওয়া এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে। শীতের সকালে এমন উষ্ণতা সত্যিই আশার আলো দেখায়।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের বন্ধু কাইমুজ্জামান, মীর সুমন, জাহাঙ্গীর আলম, তোজাম্মেল হক চৌধুরী সুমন, পার্থ কুমার দত্ত, মনোয়ার হোসেন, নুরুজ্জামান, মো. শাহেদুজ্জামান চৌধুরীসহ আরও অনেকে।