মিথ্যা প্রচারণা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটি। বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সৈয়দ জয়নুল আবেদীন এলাকায় বিদ্যমান বিভিন্ন সমস্যা সমাধানে জনকল্যাণমুখী কার্যক্রম হাতে নেন। তার এই জনপ্রিয়তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ প্রচার করছে।
তিনি অভিযোগ করেন, কদমতলী শিল্পাঞ্চলে পতিত আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত মো. হাসান ও সাজিদুর রহমান মাহিন ওরফে ‘শুটার মাহিন’ রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে এলাকায় আধিপত্য বিস্তার করছে। তারা বর্তমানে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবেও তাদের নাম রয়েছে বলে উল্লেখ করেন।
মহিউদ্দিন বলেন, হাসান ও শুটার মাহিনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং তার ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, “অদৃশ্য শক্তির ইশারায়” প্রশাসন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে আটক করেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ মহিউদ্দিন বলেন, যে মামলায় সাব্বিরকে আটক করা হয়েছে, সেই মামলার প্রধান আসামি ও বাদীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তিনি প্রশ্ন রেখে বলেন, “অস্ত্রধারী সন্ত্রাসী শুটার মাহিনকে কেন আটক করা হচ্ছে না?” তার দাবি, একটি রাজনৈতিক শক্তি এই ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছে এবং স্থানীয় এমপি সৈয়দ জয়নুল আবেদীনের জনপ্রিয়তাই এর মূল কারণ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-৪ আসন কমিটির পরিচালক ও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবন, মহানগরীর মজলিসে শুরা সদস্য ও কদমতলী পূর্ব থানা আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন এবং কদমতলী দক্ষিণ থানা আমীর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।