মোঃ জাহিদ হাসান মিলু, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: সকলের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী ঠাকুরগাঁওকে একটি উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এজন্য জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সাংবাদিকদের মাধ্যমে জানতে চান তিনি। তিনি আরও বলেন, “আপনারা সরাসরি সমস্যাগুলো তুলে ধরবেন, আমি আমার সাধ্যমতো সমাধানের চেষ্টা করব।”
তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করে জেলার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম ফেরদৌস, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠুসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় গণমাধ্যম কর্মীরা নবাগত জেলা প্রশাসককে স্বাগত ও শুভেচ্ছা জানান এবং জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরেন।