সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম বন্ধ করেছে কর্তৃপক্ষ। ভবনের মালিককে লিখিত নোটিশ দিয়ে ঘর খালি করার কথা জানানো হয়েছে। গত রবিবার (২৮ আগস্ট) বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসারের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, আগামী বুধবার (১ অক্টোবর) এর মধ্যে ভবন খালি করে দেওয়া হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি চালু করেছিল বাংলাদেশে ভারতীয় হাই কমিশন।
ভবনটির ম্যানেজার লক্ষীনাথ গাইন জানান, প্রায় এক মাস আগে কর্তৃপক্ষ ঘর ছাড়ার নোটিশ দিয়েছিল। তাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়, আর সাতক্ষীরায় ভিসা অফিস রাখা হবে না। ভাড়া নেওয়া ভবনেই এতদিন অফিস পরিচালনা করছিল কর্তৃপক্ষ।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরও প্রায় দুই মাস অফিসটি চালু ছিল। তবে এরপর থেকে সেটি বন্ধ করে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।