• ঢাকা |

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগ, তিন হাজার মুরগীর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ২০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে একটি পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় খামারের প্রায় তিন হাজার ব্রয়লার মুরগী মারা গেছে। এতে খামার মালিকের দাবি অনুযায়ী প্রায় ১৭ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে অবস্থিত আবু সাঈদ পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

খামার মালিক আবু সাঈদ জানান, স্থানীয় বাসিন্দা আমির হোসেনের কাছ থেকে তিন বছরের জন্য তিনটি শেড ভাড়া নিয়ে তিনি পোল্ট্রি খামার পরিচালনা করছিলেন। সেখানে প্রায় সাড়ে সাত হাজার ব্রয়লার মুরগী পালন করা হচ্ছিল। 

অভিযোগ করে তিনি বলেন, সোমবার সকালে প্রতিবেশী তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রী মর্জিনা বেগম খামারে প্রবেশ করে কীটনাশক প্রয়োগ করেন। এর ফলে তাৎক্ষণিকভাবে খামারের প্রায় তিন হাজার মুরগী মারা যায়।

তিনি আরও বলেন, “তাদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। হঠাৎ করে কেন এমন ক্ষতি করলো বুঝতে পারছি না। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন দাবি করেন, সকালে অভিযুক্ত তোফাজ্জল ইসলাম ও তার স্ত্রীকে খামারের ভেতরে কীটনাশক প্রয়োগ করতে দেখেছেন। তিনি বলেন, “আমাকে দেখতে পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।”

অভিযুক্ত তোফাজ্জল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ক্ষতিগ্রস্ত খামার মালিক দ্রুত বিচার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘটনার সুষ্ঠু তদন্তের প্রত্যাশা করছেন এলাকাবাসী।