• ঢাকা |

ইসরাইল ও ভারত কর্তৃক বাংলাদেশী নাগরিক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের


নিউজ প্রকাশের তারিখ : ১৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে ২ জন এবং ১১ মে লেবাননে ড্রোন হামলা চালিয়ে ইসরাইলী প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ২ জন বাংলাদেশী নাগরিকের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
 
১২ মে প্রদত্ত এক বিবৃতিতে খেলাফত মজলিস আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, মধ্যপ্রাচ্যের বিষফোঁড় খ্যাত দখলদার রাষ্ট্র ইসরাইল বিশ্বজুড়ে ক্রমাগত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছে। হাজার হাজার মানুষকে তারা হত্যা-নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সম্প্রতি লেবাননে ২ জন প্রবাসী বাংলাদেশীকেও তারা ড্রোন হামলা চলিয়ে অন্যায়ভাবে হত্যা করেছে। প্রবাসের সাধারণ শ্রমজীবি মানুষগুলোকেও ইসরাইল শত্রুজ্ঞান করছে। আমরা ইসরাইলী এমন বর্বরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রবাসী বাংলাদেশীদের নিরাপত্তা আরো নিশ্চিতে বাংলাদেশ সরকার কর্তৃক কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাই।
 
অন্যদিকে গত ৮ মে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ ২ জন সাধারণ বাংলাদেশী নাগরিককে অন্যায়ভাবে হত্যা করেছে। সীমান্ত হত্যা দীর্ঘদিন বন্ধ থাকলেও ভারত আবারো তা শুরু করে বাংলাদেশকে নতুন করে ভয় দেখাতে চায়। পুশইন,মাদক চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে ভারত অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আমরা ভারতের এমন অপ্রতিবেশীসূলভ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতকে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ হবে এবং সকল হত্যাকাণ্ডের ক্ষতিপূরণ দিতে হবে। বাংলাদেশের সাথে আধিপত্যবাদ নয়, প্রতিবেশীসুলভ আচরণ ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানাই।