গাইবান্ধা প্রতিনিধি: “একটি হুইলচেয়ারের আকুতি” শিরোনামে সংবাদ প্রকাশের পর সহায়তা পেলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শারীরিক প্রতিবন্ধী দিনমজুর ছবদেল ইসলাম।
সংবাদটি নজরে আসে পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘের। সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ছবদেল ইসলামকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল-আমিন মণ্ডল প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে জানান, তারা এই মানবিক কাজে পাশে থাকতে চান। পরে সাংবাদিক আসাদুজ্জামান রুবেলের মাধ্যমে ছবদেল ইসলামের পরিবারের উপস্থিতিতে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক জুয়েল মিয়া, ইউসুফ ও স্থানীয়রা।
জানা যায়, ছবদেল ইসলাম উপজেলার পবনাপুর ইউনিয়নের বালাবামুনিয়া গ্রামের এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। পেশায় দিনমজুর হলেও শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে পড়েন তিনি।
হুইলচেয়ার পেয়ে আবেগে কেঁদে ফেলেন ছবদেল ইসলাম। তিনি বলেন, “অনেকদিন ধরেই চলাফেরায় কষ্ট হচ্ছিল। আজ আমি খুব খুশি।”
ছবদেলের পরিবারের সদস্যরা জানান, তারা বহুদিন ধরেই নিজেরা হুইলচেয়ার কেনার চেষ্টা করছিলেন, কিন্তু সামর্থ্য না থাকায় সম্ভব হয়নি। এখন সহায়তার কারণে তাদের কষ্ট অনেকটাই লাঘব হলো।
এই উদ্যোগের জন্য এলাকাবাসী পলাশবাড়ী প্রজন্ম তরুণ সংঘ এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।