ডেস্ক রিপোর্ট: জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ড. হেলাল উদ্দিন। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
সোমবার বিকেলে রাজধানীতে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শাহবাগ পূর্ব থানা শাখা।
ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার পরই জুলাই অধ্যাদেশ জারি করা হয়। স্বাক্ষরকারীরা স্বেচ্ছায় সনদটি মেনে নিয়েই এতে অংশ নেয়, কাউকে জোর করা হয়নি। তিনি অভিযোগ করেন, পরবর্তীতে ক্ষমতায় গিয়ে বিএনপি জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া অধ্যাদেশ যাচাইয়ে গঠিত বিশেষ কমিটির পক্ষ থেকে জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশ উদ্বেগজনক। তার মতে, গণভোটে জনগণের যে রায় এসেছে, তা অগ্রাহ্য করার সুযোগ নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হান। এসময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তব্যে ড. হেলাল উদ্দিন সতর্ক করে বলেন, শাসকগোষ্ঠী যদি জনগণের মতামতের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনার চেষ্টা করে, তাহলে জাতি আন্দোলনের পথে যেতে বাধ্য হয়। তিনি বলেন, “জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতি দেখছে, তা বাস্তবায়নে জুলাই সনদের কোনো বিকল্প নেই।”