শাকিল মোল্লা: একটি দোকানে প্রবেশ করতেই চোখে পড়ল ঝুলানো একটি তাবিজ। দোকানদারের দৃঢ় বিশ্বাস – এই তাবিজ থাকলে বিক্রি বাড়বে, দোকান জমজমাট হবে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এই তাবিজের কোনো ক্ষমতা আছে? নাকি এটি শুধুই কুসংস্কারের ফাঁদ?
ইমানের ওপর আঘাত
ইসলামী শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে, উপকার-অপকার একমাত্র আল্লাহর হাতে। কোনো তাবিজ, ঝাড়ফুঁক বা জিনিস কোনোভাবে ভাগ্য পরিবর্তন করতে পারে না। অথচ অনেকেই অজান্তে বিশ্বাস করে বসেন যে এই তাবিজ দোকানের বিক্রি বাড়াবে, রোগ সারাবে বা বিপদ দূর করবে। এই বিশ্বাস ধীরে ধীরে মানুষকে শিরকের দিকে ঠেলে দেয়। কারণ এতে আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর ভরসা করা হয়।
সামাজিক বাস্তবতা
গ্রামীণ হাট-বাজার থেকে শুরু করে শহরের বড় দোকান পর্যন্ত – অনেক জায়গাতেই এমন তাবিজ চোখে পড়ে। দোকানদারেরা মনে করেন এটি ব্যবসার 'সৌভাগ্যের প্রতীক'। অথচ তারা বুঝতেই পারেন না যে এই ধারণা তাদের ঈমানকে কত বড় ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। ব্যবসার বরকত আসে সৎভাবে কাজ করা, মিথ্যা ও প্রতারণা থেকে বিরত থাকার মাধ্যমে – কোনো তাবিজ ঝুলিয়ে নয়।
সচেতনতার প্রয়োজন
এ ধরনের ভুল বিশ্বাস ভাঙতে দরকার ধর্মীয় জ্ঞান এবং সঠিক শিক্ষা। মসজিদ-মাদরাসা থেকে শুরু করে সামাজিক প্রচারমাধ্যমে সবাইকে জানাতে হবে – উপকার-অপকারের মালিক কেবল আল্লাহ। ব্যবসা সফল হওয়ার জন্য দরকার সততা, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা, কোনো তাবিজ নয়।
শেষকথা,একটি ছোট তাবিজ হয়তো অনেকের চোখে তুচ্ছ মনে হয়। কিন্তু এই সামান্য জিনিসের পেছনের বিশ্বাস যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর ওপর নির্ভর করে, তবে সেটিই শিরক। তাই এখনই সময় মানুষকে এই ভুল পথ থেকে ফিরিয়ে আনার, সঠিক ঈমানের আলোয় পথ দেখানোর।