মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও বিশৃঙ্খলা এড়াতে ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সেনাবাহিনীর এস–৩ বিআরজে (S3-BRJ) হেলিকপ্টার স্টেডিয়ামে অবতরণ করে। হেলিকপ্টারে করে সেখানে উপস্থিত হন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন ও এতে অংশগ্রহণ করেন।
মহড়ায় আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রুত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন দিক প্রদর্শন করা হয়। এতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। এ ধরনের মহড়া সাধারণ মানুষের মাঝে আস্থা বাড়াবে এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।