জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় জিংক সমৃদ্ধ ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রকল্পের আওতায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এই সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, রংপুর-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ও হেড ডা. মো. রকেবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন হারভেস্টপ্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো. শাহিনুল কবির, ইএসডিও’র “রিয়েক্টস-ইন” প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান, চিকিৎসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সভায় অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমাম, নারী কৃষি নেত্রী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
সভায় মানবদেহে জিংকের গুরুত্ব, এর অভাবজনিত সমস্যা এবং তা মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি জিংক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত, উৎপাদন প্রযুক্তি এবং মাঠপর্যায়ে সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, পুষ্টি ঘাটতি পূরণে জিংক সমৃদ্ধ ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধান ও গম সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে জিংক ধান ও গমের প্রসারে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।