“যারা লড়াই করতে জানে, মানুষের অধিকার আদায় করতে জানে—আমি সেই দলের মানুষ” — অধ্যক্ষ আলমগীর হোসেন"
জাকির হোসেন: কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, “যারা লড়াই করতে জানে, মানুষের অধিকার আদায় করতে জানে, আমি সেই দলের মানুষ।” তিনি অভিযোগ করে বলেন, ধর্মকে ব্যবহার করে ভোটের রাজনীতি করা উচিত নয় এবং জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
রোববার (৮ জুন) দুপুরে পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ‘জুলাই সনদ’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপি দেশের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির রাজনীতিতে বিশ্বাস করে। তিনি অতীত নির্বাচন এবং ভোটাধিকার প্রসঙ্গ তুলে ধরে বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার আন্দোলনে বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করা অনুচিত। ইসলামের নামে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে জনগণের ভোট নেওয়ার প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, প্রকৃত ইসলাম মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সততার শিক্ষা দেয়।
তার বক্তব্যে ‘জুলাই সনদ’-এর বিভিন্ন বিষয়ও উঠে আসে। তিনি বলেন, সনদের ৩০টি দাবির অধিকাংশ বিষয়ে ঐকমত্য হয়েছে। নারী প্রতিনিধিত্বের প্রশ্নে বিএনপি ইতিবাচক অবস্থান নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তিনি নির্বাচনী সংস্কার ও উচ্চকক্ষ গঠনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আরিফুল হাসান উজ্জ্বল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মাহাবুবুর রহমান শানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম লিটন এবং ইউপি চেয়ারম্যান হাসানত ডালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ‘জুলাই সনদ’ নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।