• ঢাকা |

‘‘ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’’ শীর্ষক বইটির সংযোজন এবং পরিবর্ধনের নিমিত্তে রাজধানীতে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১১ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা এবং এ বিষয়ে প্রকাশিত বইয়ের পরিমার্জন, পরিবর্ধন ও প্রয়োজনীয় সংশোধন নিয়ে রাজধানীতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর আফতাবনগরে পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এবং পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর সহযোগিতায় কর্মশালাটির  আয়োজন করা হয়। মংগলবার ১১ আগস্ট এই কর্মশালার উদ্ভোধনী দিন ছিল এবং আগামীকাল ১২ আগস্ট এই প্রোগ্রামের সমাপনী দিন।  

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এস এম নজরুল ইসলাম এনডিসি, যুগ্ম সচিব, জনসংখ্যা অধিশাখা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং Mr. Vibhavendra Raghuyamshi, Chief of Health, UNFPA Bangladesh. প্রধান অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিন্নাত রেহানা বলেন, “যদিও বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যোগ দিতে যাচ্ছে, তথাপি গ্রামীণ এলাকার লোকজনের মধ্যে এখনো পরিবার পরিকল্পনার বিষয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়ে গেছে। পরিবার পরিকল্পনা জোর করে চাপিয়ে দেওয়ার কোন বিষয় নয় বরং অনুপ্রেরণা দিয়েই তা অর্জন করতে হবে। ২০৩০ সালের মধ্যে টিএফআর, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু কমানোর এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরী।“ 

 

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জনসংখ্যা অধিশাখার যুগ্ম সচিব জনাব এস এম নজরুল ইসলাম বলেন, “বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেণ্ড এর সুবর্ণ সুযোগ ভোগ করছে এবং এর প্রকৃত সুফল তখনই পাওয়া যাবে যখন আমাদের প্রত্যাশিত সময়ের মধ্যে রিপ্লেসমেন্ট লেভেল অফ ফার্টিলিটি অর্জন করতে হলে ইসলামের আলোকে পরিবার পরিকল্পনার মূল বক্তব্যগুলোকে  শহর বন্দর গ্রাম সব জায়গায় ছড়িয়ে দিতে হবে।“    

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএসটিসির নির্বাহী পরিচালক ড. নূর মোহাম্মদ। তিনি বলেন, “পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের একটি অতি সময়োপযোগী উদ্যোগ হচ্ছে ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা বইটির সংযোজন এবং পরিবর্ধনের উদ্যোগ গ্রহণ করা কারণ এখন শুধু পরিবার পরিকল্পনার কথা না বলে আমাদের পরিবার কল্যাণ ও প্রজনন স্বাস্থ্যের দিকেও ফোকাস করতে হবে।“      

কর্মশালায় ইসলামের আলোকে পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক, সংশ্লিষ্ট শারীরিক ও ধর্মীয় বিষয় এবং ‘ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা’ বইয়ের প্রয়োজনীয় পরিমার্জন ও সংশোধনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পরিবার পরিকল্পনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং ইসলামভিত্তিক তথ্য ও বার্তা আরও সহজ, গ্রহণযোগ্য ও কার্যকরভাবে মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর, পিএসটিসি, ইউএনএফপিএসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা  এবং ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। আলোচনায় পরিবার পরিকল্পনা বিষয়ে ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জনস্বাস্থ্য বিষয়ক তথ্যের সমন্বয়ের মাধ্যমে কার্যকর জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কর্মশালায় বইটির আগের সংস্করণের চাপ্টারভিত্তিক আলোচনা করা হয় এবং দলগত আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় পরিমার্জন ও পরিবর্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়।