• ঢাকা |

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট: চতুর্থ দিনে ৮ দলের জয়, শুক্রবার গ্রুপ ফাইনাল


নিউজ প্রকাশের তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জুমার নামাজের কথা বিবেচনায় পঞ্চম দিনের খেলা এগিয়ে আনা হয়েছে

সৈয়দ আখতার সিরাজী: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ল্যাবএইড–ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর চতুর্থ দিনের খেলায় জয় পেয়েছে আগামীর সময়, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, স্টার নিউজ, বাংলানিউজ২৪ ডটকম, একাত্তর টেলিভিশন, আমাদের সময় ও দেশ রূপান্তর।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচগুলোতে দলগুলোর মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কোনো দল বড় ব্যবধানে জয় পেয়েছে, আবার কোনো দল অল্প রানের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে মাঠ ছেড়েছে। আটটি ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের উত্তেজনা আরও বেড়েছে।

দিনের খেলায় বাংলানিউজ২৪ ডটকম ২১ রানে বৈশাখী টেলিভিশনকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে বাংলানিউজ২৪ ডটকম ১১৪ রান সংগ্রহ করে। জবাবে বৈশাখী টেলিভিশন ৯৬ রানে অলআউট হয়। বাংলানিউজের ইফতি ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

স্টার নিউজ ২৩ রানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে হারায়। প্রথমে ব্যাট করে স্টার নিউজের সংগ্রহ ছিল ১১৬ রান। জবাবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ইনিংস থামে ৯৩ রানে। ম্যাচসেরা হন স্টার নিউজের রবিন।

আগামীর সময়ের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয় নয়াদিগন্ত। প্রথমে ব্যাট করে নয়াদিগন্ত মাত্র ৪৩ রান সংগ্রহ করে। জবাবে কোনো উইকেট না হারিয়েই ৪৮ রান করে পাঁচ উইকেটের জয় নিশ্চিত করে আগামীর সময়। দলের হয়ে ম্যাচসেরার পুরস্কার পান তানিম।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ২৮ রানে জিটিভিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ৮৭ রান সংগ্রহ করে। জবাবে জিটিভির ইনিংস শেষ হয় ৫৯ রানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাজহারুল ইসলাম ম্যাচসেরা নির্বাচিত হন।

অন্যদিকে বাংলাদেশ প্রতিদিন পাঁচ উইকেটে ডেইলি অবজারভারকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে ডেইলি অবজারভার ৫৭ রান করে। জবাবে ৫৮ রান সংগ্রহ করে জয় তুলে নেয় বাংলাদেশ প্রতিদিন। ৩০ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাংলাদেশ প্রতিদিনের রাশেদুর রহমান।

একাত্তর টেলিভিশন ৭৩ রানের বড় ব্যবধানে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে একাত্তর টেলিভিশন ১৩৩ রান সংগ্রহ করে। জবাবে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ইনিংস ৬০ রানেই শেষ হয়ে যায়। একাত্তর টেলিভিশনের আবদুল্লাহ শাফি ম্যাচসেরা হন।

দেশ রূপান্তর ২৯ রানে বিডিনিউজ২৪ ডটকমকে হারিয়েছে। প্রথমে ব্যাট করে দেশ রূপান্তর ৯২ রান সংগ্রহ করে। জবাবে বিডিনিউজ২৪ ডটকম ৬২ রানে গুটিয়ে যায়। দেশ রূপান্তরের ফয়সাল ম্যাচসেরার পুরস্কার লাভ করেন।

দিনের আরেক ম্যাচে আমাদের সময় ২১ রানে ইনকিলাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে আমাদের সময় ৯৪ রান সংগ্রহ করে। জবাবে ইনকিলাবের ইনিংস থামে ৭৩ রানে। আমাদের সময়ের নজরুল ম্যাচসেরা নির্বাচিত হন।

চতুর্থ দিনের খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য নাইমুদ্দিন, সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম শামীম ও গাজী আনোয়ার এবং সাবেক ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল।

এদিকে, টুর্নামেন্টের পঞ্চম দিনে শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে গ্রুপ ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। জুমার নামাজের বিষয়টি বিবেচনায় নিয়ে খেলার সূচি এগিয়ে আনা হয়েছে। এদিন সকাল ৮টা থেকে শুরু হবে ম্যাচ। আয়োজকদের পক্ষ থেকে সব দলের খেলোয়াড়দের নির্ধারিত সময়ের আগেই মাঠে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবারের গ্রুপ ফাইনালের সূচি

সকাল ৮টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন মুখোমুখি হবে বাংলাভিশনের। একই সময়ে খেলবে জাগোনিউজ২৪ ও আমাদের সময়।

সকাল ৯টায় কালের কণ্ঠের প্রতিপক্ষ স্টার নিউজ এবং আগামীর সময় খেলবে যুগান্তরের বিপক্ষে।

সকাল ১০টায় বাংলাদেশ প্রতিদিনের মুখোমুখি হবে আরটিভি। একই সময়ে মাঠে নামবে কালবেলা ও বাংলানিউজ২৪ ডটকম।

বেলা ১১টায় একাত্তর টেলিভিশন খেলবে চ্যানেল২৪-এর বিপক্ষে। একই সময়ে চ্যানেল আই২৪ মুখোমুখি হবে দেশ রূপান্তরের।

গ্রুপ ফাইনালের ম্যাচগুলোকে ঘিরে অংশগ্রহণকারী গণমাধ্যমকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মাঠের লড়াইয়ের পাশাপাশি সহকর্মীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাবের মধ্য দিয়ে ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে।