বিশেষ প্রতিনিধি: সোমবার বিকাল ৩ টায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীমের সভাপতিত্বে, সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের দাবি মেনে নেওয়া এখন সময়ের দাবি। তারা দেশের প্রাথমিক ধর্মীয় শিক্ষার প্রাণপুরুষ, ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতার ভিত্তি নির্মাতা।
দীর্ঘদিন ধরে তারা সামান্য সুযোগ-সুবিধা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তবুও তারা শিক্ষা ও সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাদের দাবি শুধু আর্থিক নয়, এটি ন্যায় ও সম্মানের দাবি।
তিনি বলেন, সরকার যদি সত্যিই শিক্ষাবান্ধব হয়, তবে তাদের দাবি মেনে নিতে দেরি করা উচিত নয়। ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য প্রাপ্য প্রদান মানে জাতির ভবিষ্যৎকে সুরক্ষিত করা। একটি দেশের মূল ভিত্তি তার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, আর সেই ভিত্তির কারিগর এরা। তাদের অবহেলা মানে দেশের মূল্যবোধ ও নৈতিকতাকে দুর্বল করা। তাই অবিলম্বে তাদের দাবি পূরণ করে শিক্ষক সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সেক্রেটারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের সমন্বয়কারী ড. মাওলানা আব্দুস সবুর মাতুব্বর, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী, প্রাইমারি শিক্ষক পরিষদের সভাপতি ড. মোঃ সাখাওয়াত হোসাইন, আন্দোলন বাস্তবায়ন কমিটির সেক্রেটারি মাওলানা শামসুল আলমসহ প্রমুখ শিক্ষকনেতৃবৃন্দ।