মনছুর আলম, পাবনা: "আজকের একটি চারা, আগামীর একটি সবুজ পৃথিবী"—এই প্রত্যয়ে পাবনার অন্যতম সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন উত্তরণ পাবনা'র উদ্যোগে শোভাবর্ধনকারী, বিলুপ্তপ্রায়, ঔষধি, বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে ভবানীপুরে অবস্থিত খোরশেদ আলী আল-খায়ের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়, যা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি-গীতিকার আলমগীর কবীর হৃদয়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.বি.এস ফাউন্ডেশন, পাবনার চেয়ারম্যান রোটারিয়ান মো. আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও নদী গবেষক, রিভারাইন পিপল, পাবনার সভাপতি ড. মো. মনছুর আলম, খোরশেদ আলী আল-খায়ের প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মো. নাছিরুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার সহ-সভাপতি কবি মুহাম্মদ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এটিএম ফজলুল করিম, যুগ্ম সম্পাদক কবি রুদ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কবি রাফিদ আহমেদ, সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, রাবেয়া খাতুন, ইতি খাতুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উত্তরণ পাবনা এবং সার্বিক সহযোগিতা প্রদান করে এ.বি.এস ফাউন্ডেশন, পাবনা।
বৃক্ষরোপণ পূর্ব আলোচনা সভায় বক্তরা বলেন, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য বন্ধু। নির্মল অক্সিজেন সরবরাহ, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অনন্য। ফলজ বৃক্ষ আমাদের পুষ্টির জোগান দেয়, আর বনজ বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তোলে একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী। তাই একটি চারা রোপণ মানেই আগামী দিনের জন্য একটি সুন্দর পৃথিবীর ভিত্তি স্থাপন।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণই নয়, রোপণের পর পরিচর্যার সংস্কৃতিও গড়ে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও সংরক্ষণের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
প্রকৃতি ও মানুষের প্রতি দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত হিসেবে উত্তরণ পাবনার এই সবুজ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের হাতে একটি করে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে শুধু একটি গাছ নয়, বরং পরিবেশ-সচেতনতার একটি বীজও রোপিত হয়েছে তাদের হৃদয়ে।