রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২০ জনের মধ্যে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগর ভবনের অষ্টম তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডকা) ও রাসিকের সহযোগিতায় প্রকল্পের আওতায় ৩১ জনকে কম্পিউটার, ৩৭ জনকে সেলাই মেশিন এবং ৫২ জনকে বিজনেস কার্ট দেওয়া হয়। উপকারভোগীদের মধ্যে ১১৫ জন নারী ও পাঁচজন পুরুষ।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, নতুন উদ্যোক্তা তৈরি এবং প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রকল্পটির কার্যক্রম নগরীর ৩০টি ওয়ার্ডে সম্প্রসারণের চেষ্টা করা হবে। বেকারত্ব দূরীকরণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, চাকরির আশায় বসে না থেকে তরুণ-তরুণীরা যেন নিজেরাই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের সহায়তায় বাংলাদেশ ব্যাংকে ১০ হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এ ছাড়া গত ১ নভেম্বর জাতীয় যুব দিবসে তরুণদের উদ্ভাবনী উদ্যোগে সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বেকারত্ব কমানো ও নতুন উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।
মাহফুজুর রহমান রিটন আরও বলেন, ইউএনডিপি, সিডকাসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় নগরীর দরিদ্র পরিবারের আয় বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সম্প্রসারণে রাসিক সার্বিক সহযোগিতা করবে।
ফুটপাত প্রসঙ্গে তিনি বলেন, ফুটপাত নাগরিকদের চলাচলের জন্য। এগুলো দখলমুক্ত করার কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগও নেওয়া হচ্ছে।
রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন শাখার জেনারেল সেক্রেটারি অধ্যাপক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ মামুন। বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং সিডিসি ফেডারেশনের সভাপতি আয়েশা খাতুন মুক্তি।
এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট আব্দুল্লাহ আল মাসুমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের পক্ষে আসমা খাতুন, রেবা খাতুন ও ইয়াসমিন খাতুন জুথি অনুভূতি প্রকাশ করে বলেন, এসব সরঞ্জাম তাঁদের আয় ও জীবিকার নতুন সুযোগ তৈরি করবে এবং স্বাবলম্বী হতে সহায়তা করবে। এ জন্য তাঁরা প্রকল্প সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, ইউএনডিপির তত্ত্বাবধানে এবং রাসিকের সহযোগিতায় বাস্তবায়িত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ (LSUPCB) প্রকল্পের আওতায় গত এক বছরে ১২০ জন কর্মহীন নারী-পুরুষকে কম্পিউটার ও সেলাই বিষয়ে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে তাঁদের স্বকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসব সরঞ্জাম বিতরণ করা হয়েছে।