সোনারগাঁ প্র্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় নগদ ডিস্ট্রিবিউশন হাউস টি-এন্টারপ্রাইজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) সকালে একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রতিষ্ঠানের অফিসে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা, স্মার্টফোন ও প্রায় এক কোটি টাকার ই-মানি লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় দুপুরে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের মালিক আল-আমিন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের চতুর্থ তলায় অবস্থিত টি-এন্টারপ্রাইজের অফিসে সকাল সাড়ে ৯টার দিকে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল হানা দেয়। তাদের হাতে শটগান, পিস্তল, রামদা, চাপাতি ও ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীদের নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানের সাবেক ডিএসও রবিউল আউয়াল পিন্টু বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিষ্ঠানের মালিক আল-আমিন জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকেই কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরে সবাইকে জিম্মি করে ক্যাশে থাকা ৭ লাখ টাকা, ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ৫টি স্মার্টফোন, সিসি ক্যামেরার ডিভিআরসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া লুট হওয়া মোবাইলগুলোতে প্রায় ১ কোটি টাকার ই-মানি ব্যালেন্স ছিল।
ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা মামলা করলে প্রাণনাশের হুমকি দেয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ভয় দেখায়।
প্রতিষ্ঠানের মালিকের দাবি, সাবেক কর্মচারী রবিউল আউয়াল পিন্টু আগে থেকেই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য জানতেন এবং পূর্বপরিকল্পিতভাবে এ ডাকাতির ঘটনা ঘটিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, পিন্টু বিএনপির নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তাকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। বর্তমানে তিনি শহীদ জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বলেও দাবি করা হয়।
এছাড়া কিছু কুচক্রী মহলের মাধ্যমে তার ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করে এর তীব্র প্রতিবাদ জানান আল-আমিন। তিনি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান।
সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো: জামাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে কাজ চলছে।