কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা সুসংহত রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা লাভ করেছেন মো: শহিদুল্লাহ সরকার।
তিনি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের গ্রাম পুলিশ প্রধান (দফাদার) হিসেবে কর্মরত রয়েছেন। আয়োজিত সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর হাতে এই বিশেষ সম্মাননা সনদ তুলে দেন।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই মহাসমাবেশে শহিদুল্লাহর কর্মনিষ্ঠার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। দেওয়া সনদে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো: শহীদুল হাসানের স্বাক্ষর রয়েছে।
সনদে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ে সরকারি উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বজায় রাখতে শহিদুল্লাহ সরকার অভূতপূর্ব দক্ষতা দেখিয়েছেন। তাঁর প্রগাঢ় সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার মূল্যায়ন হিসেবেই এই স্বীকৃতি প্রদান করা হলো।
তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে জামালপুর ইউনিয়নের সাধারণ মানুষ ও সহকর্মীদের মাঝে ব্যাপক আনন্দের সঞ্চার হয়েছে। শুভাকাঙ্ক্ষীরা তাঁর পেশাগত অগ্রযাত্রা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।