সাব্বির হোসাইন: তুলি উৎসব ও কালচারাল হান্ট প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে তুরাগ শিল্পীগোষ্ঠী। নির্ধারিত দিনে দুপুর আড়াইটায় রাজধানীর শহীদ মালেক অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
তুরাগ শিল্পীগোষ্ঠীর পরিচালক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাসের পরিচালক জাকির হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাকসুর সহ-সভাপতি (ভিপি) মঈনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সসাসের পরিচালক জাকির হোসাইন বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, "বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তরুণদের কর্মক্ষম হতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, যেখানে উন্নত বিশ্বে অপেক্ষাকৃত কম বয়সেই একজন তরুণ স্বাবলম্বী হয়ে ওঠে। এই ধারায় মাদ্রাসা শিক্ষার্থীদের আরও পিছিয়ে রাখা হচ্ছে। দেশের সার্বিক অগ্রগতির স্বার্থে বর্তমান শিক্ষা কাঠামোর দ্রুত সংস্কার প্রয়োজন।"
প্রধান আলোচক হাফেজ আব্দুল্লাহ আল মামুন বলেন, "ইসলামি সংস্কৃতির প্রসার ও চর্চার মাধ্যমেই দেশ ও জাতির প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব। জাতীয় পর্যায়ে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দিতে তুরাগ শিল্পীগোষ্ঠী প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।"
বিশেষ অতিথির বক্তব্যে মঈনুল ইসলাম বলেন, "ভিনদেশি ও আধিপত্যবাদী সংস্কৃতির প্রভাবে আমাদের দেশীয় নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংস্কৃতি পরিহার করে দৈনন্দিন জীবনে নৈতিক ও ইসলামি সংস্কৃতির চর্চা আরও বাড়িয়ে তুলতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা সাঈদ, টাকসুর সাধারণ সম্পাদক (জিএস) ফুয়াদ এবং টাকসুর সাবেক সহ-সভাপতি আব্দুল আলিম।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ সম্পন্ন হওয়ার পর বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।