মোঃ আশরাফুল আলম মন্ডল, গাজীপুর: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ উদযাপন’ উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো প্রচলিত বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও সীমাবদ্ধতার বাইরে গিয়ে সমাজের সর্বস্তরের মানুষের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা। ১৯৯২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বর্তমানে তিন লক্ষাধিক শিক্ষার্থীর শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।
তিনি নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরতে নজরুল বর্ষ উদযাপনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংস্কৃতি কেবল গান-বাজনার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি জাতির চিন্তা-চেতনা, মূল্যবোধ, আচরণ, ঐতিহ্য ও জীবনবোধের সামগ্রিক প্রকাশ। সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে নিজস্ব বৈশিষ্ট্যে বিকশিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ লক্ষ্যে আগামী ডিসেম্বর থেকে জাতীয় সংস্কৃতি উৎসব আয়োজনের কথাও জানান প্রতিমন্ত্রী।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, কাজী নজরুল ইসলামের শিক্ষাদর্শন ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল ভাবনার মধ্যে গভীর সাদৃশ্য রয়েছে। নজরুলের শিক্ষা-চিন্তা ছিল প্রথাগত শিক্ষাপ্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে জীবনব্যাপী ও সর্বজনীন শিক্ষার সুযোগ নিশ্চিত করা।
তিনি বলেন, বাউবি দেশের দ্বিতীয় বৃহত্তম শিক্ষার্থীসংখ্যার বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের পাশাপাশি সাতটি দেশেও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করেছে। নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে জাতীয় কবির জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ‘কাজী নজরুল ইসলামের শিক্ষা-দর্শন ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আদিভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন।
প্রবন্ধে তিনি নজরুলের সাম্যবাদী দর্শন, মানবমুক্তি, মানবিক মর্যাদা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং সর্বজনীন শিক্ষার ভাবনা তুলে ধরেন। তিনি বলেন, নজরুলের কাছে শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রকৃত মানুষ তৈরি করা, কেবল চাকরিপ্রার্থী বা সনদধারী তৈরি করা নয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল দর্শনের সঙ্গে নজরুলের এই শিক্ষাভাবনার গভীর মিল রয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন আয়োজন কমিটির আহ্বায়ক ও এসএসএইচএল ডিন অধ্যাপক তানভীর আহসান। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি এম আহমেদ হুসেইন।
বাউবির মিডিয়া বিভাগের সিনিয়র ভিডিও স্পেশালিস্ট (গ্রেড-১) মো. সরফ উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে গান, কবিতা আবৃত্তি ও অভিনয়—এই তিনটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।