মোশারফ হোসেন রাসেল, ভোলা: ভোলার আকাশ আজ যেন আরও ভারী—শেষ হলো প্রবীণ সাংবাদিক, দৈনিক বাংলার কণ্ঠ–এর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানের জীবনের পথচলা। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বিদায় জানানো হয় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে। গার্ড অব অনার প্রদান করার সঙ্গে সঙ্গে পরিবেশে নেমে আসে গভীর নীরবতা, যা প্রমাণ করে—ভোলা এক মহান মানুষকে হারালো।
জানাজায় উপচে পড়া মানুষের ঢল দেখলে বোঝা যায় তিনি শুধু একজন সাংবাদিক ছিলেন না; তিনি ছিলেন মানুষের আস্থার প্রতীক, ন্যায় ও সত্যের পাশে থাকা এক দৃঢ় কণ্ঠস্বর। সাধারণ মানুষের চোখের কোণ বেয়ে ঝরে পড়া অশ্রুই যেন জানিয়ে দিচ্ছিল তার প্রতি ভালোবাসা কত গভীর ছিল।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, সহকর্মী সাংবাদিকসহ নানান শ্রেণি–পেশার মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত রবিবার দুপুর ৩টায় রাজধানীর বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য সাংবাদিক। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভোলার সাংবাদিক সমাজে নেমে আসে গভীর শোকের ছায়া।
সহকর্মীরা বলেন—“তার মতো সহনশীল, নীতিবান ও সত্যনিষ্ঠ সাংবাদিক পাওয়া সত্যিই বিরল। তিনি ছিলেন আমাদের প্রেরণা, আমাদের আশ্রয়। আজ আমরা দিকনির্দেশক এক বাতিঘর হারালাম।”
ভোলার গণমাধ্যমের শক্ত ভিত গড়তে, সাংবাদিকদের অধিকার আদায়ে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাহসী ভূমিকা রেখেছেন এম হাবিবুর রহমান। তার হাতে তৈরি হয়েছে প্রশাসন, রাজনীতি ও সমাজের সঙ্গে সাংবাদিকতার সুদৃঢ় সেতুবন্ধন।
তার মৃত্যু ভোলার সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি; যা দীর্ঘদিন পূরণ হওয়ার নয়। ভোলাবাসী তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা জানাচ্ছে।