• ঢাকা |

শিক্ষকদের ৭ দফা দাবিতে দিনাজপুরে সমাবেশ ও স্মারকলিপি প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ২০ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর: বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধিসহ ৭ দফা দাবিতে দিনাজপুরে শিক্ষক সমাবেশ করেছে আদর্শ শিক্ষক ফেডারেশন। সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীদের পক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখা সমাবেশটির আয়োজন করে। সমাবেশে এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, বোনাস ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং ইবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জোরালোভাবে তুলে ধরা হয়।
সমাবেশ শেষে শিক্ষকদের একটি মিছিল বের হয় এবং তা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ মশিউর রহমান রাজুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে।
শিক্ষকদের ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো: বাড়ি ভাড়া ৪৫% করা, চিকিৎসা ভাতা ১,৫০০/-টাকা প্রদান করা, শতভাগ উৎসব ভাতা প্রদান করা, প্রস্তাবিত ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করা, নন-এমপিও শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করা, স্বৈরাচারী সরকারের আমলে পাওনা বঞ্চিত এমপিও শিক্ষকদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করা।
সমাবেশে বক্তারা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য ৭ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি প্রভাষক হাফেজ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, মােঃ তৈয়ব আলী, প্রভাষক মোঃ মেহরাব আলী, কলেজ পরিষদের সভাপতি হাবিবুর রহমান, মাদ্রাসা পরিষদের সভাপতি মাসুম তারিফ, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি লুৎফর রহমান, স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি ওমর ফারুক, শিক্ষক নেতা আকমল হোসেনসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ।