• ঢাকা |

চোর সন্দেহে ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যা


নিউজ প্রকাশের তারিখ : ১ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ট্রাক্টরচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিফ হোসেন চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের হাড়িখোলা মাজারবাড়ির আলী মিয়ার ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কুরুইন গ্রামের এক ব্যক্তির সিএনজি অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় স্থানীয়রা সাকিল নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে সাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) রাতে স্থানীয় কয়েকজন লোক হাড়িখোলা এলাকা থেকে আরিফ হোসেনকে ধরে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সারারাত বিভিন্ন স্থানে নিয়ে আরিফকে মারধর করা হয়। পরে মঙ্গলবার সকালে তাকে হাড়িখোলা এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে লোকজনের উপস্থিতিতে কুরুইন গ্রামের কয়েকজন আবারও তাকে তুলে নিয়ে যান। একপর্যায়ে কয়েকজন আহত আরিফকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আলী মিয়া বলেন, “আমার একমাত্র ছেলেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।”

কেরণখাল ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য শামীম হোসেন বলেন, “আরিফ হোসেন যদি সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িতও থাকতেন, তাহলে বিষয়টি তার অভিভাবক বা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো উচিত ছিল। এভাবে কাউকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর তিনি তাৎক্ষণিক সেখানে যান। এ ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।