• ঢাকা |

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, শিবিরের নিন্দা


নিউজ প্রকাশের তারিখ : ২২ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে তাঁদের প্রাণনাশের উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়ার পথ বন্ধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন শিবির নেতারা।

তাঁরা এ ঘটনাকে অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত আখ্যা দিয়ে বলেন, এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।

বিবৃতিতে শিবির নেতারা অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আবারও দেশে সন্ত্রাস ও নাশকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।

তাঁদের দাবি, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যা, অগ্নিসংযোগ, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা এবং বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চলছে।

শিবির নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে সরকার ব্যর্থ হচ্ছে। একই সঙ্গে গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত না করায় অপরাধীরা পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে।

নেতৃবৃন্দ নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তাঁরা সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশব্যাপী সংঘটিত নাশকতার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সাদিক কায়েম ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতির দায়িত্ব পালন করছেন।