• ঢাকা |

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান


নিউজ প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি সাত দিনের সফরে আগামীকাল শুক্রবার অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া যাচ্ছেন। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

২০ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নির্ধারিত এ সফরে অস্ট্রেলিয়ায় দেশটির সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে মালয়েশিয়ায়ও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন জামায়াত আমীর।

সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, আমীরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

শুক্রবার ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানাবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বৃহস্পতিবার ঢাকায় জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সফর শেষে আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতা দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।