• ঢাকা |

সমাজ পরিবর্তনে নেতৃত্ব দিতে হবে সাহিত্য-সংস্কৃতিকর্মীদের: মিয়া গোলাম পরওয়ার


নিউজ প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

এমএম রহমাতুল্লাহ: সমাজের ইতিবাচক পরিবর্তন এবং আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেছেন, সমাজ পরিবর্তনে সাহিত্য-সংস্কৃতিকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তাঁদের নিজেদের যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা, নৈতিকতা ও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং মানুষের চিন্তা, মূল্যবোধ ও জীবনবোধ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা মহানগর ও পেশাজীবী অঞ্চলের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে।

সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, নেতৃত্ব মানে শুধু কোনো দায়িত্ব গ্রহণ বা পদ-পদবি অর্জন নয়; বরং মানুষের কল্যাণে কাজ করা এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করার সক্ষমতা অর্জন করা। সাহিত্য-সংস্কৃতিকর্মীদের আদর্শ, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে ইতিবাচক সামাজিক পরিবর্তনের আন্দোলন গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট সুরকার ও শিল্পী সাইফুল্লাহ মানছুর এবং লেখক-প্রকাশক কেন্দ্রের সহসভাপতি ড. ইকবাল কবীর মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি শিল্পী তাফাজ্জল হোসাইন খান, কবিতা বাংলাদেশের সহসভাপতি কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ও কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, বাংলাদেশ আবৃত্তি মঞ্চের আহ্বায়ক শরীফ বায়জীদ মাহমুদ, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান এবং সাহিত্য-সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল।

দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সেক্রেটারি ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে আলোচনা পেশ করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন।

অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ এবং পেশাজীবী শাখার আড়াই শতাধিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিনিধি অংশ নেন।

নেতৃত্ব ও সাংস্কৃতিক বিকাশবিষয়ক প্রশিক্ষণমূলক আলোচনা ছাড়াও শিল্পী ও আবৃত্তিকারদের পরিবেশনায় দিনব্যাপী আয়োজনটি সাহিত্য ও সংস্কৃতিচর্চার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মিলনমেলায় পরিণত হয়।