খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। কয়েকটি গাড়ী ও এনসিপি নারী এমপির বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের উপর হামলা হচ্ছে। পাহাড়ী, সংখ্যালঘু সম্প্রদায় ও গার্মেন্টস শ্রমিকদের ক্ষুদ্র একটি অংশকে বিভ্রান্ত করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু দেশপ্রেমিক জনতা সজাগ রয়েছে। যতোই অপচেষ্টা চালানো হোক না কেন ফ্যাসিবাদ বাংলাদেশে আর কায়েম হবে না।
পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তার দোসরদের বিরুদ্ধে সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আওয়ামী ফাসিবাদীদের বিচারাধীন মামলা দ্রুত সম্পন্ন করতে হবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকর করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জননিরাপত্তা প্রতিষ্ঠা করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডার সহ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে।
গতকাল সন্ধ্যা ৭ টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, মাওলানা নুরুল হক।