নিহতদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা গোলাম পরওয়ারের
মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশের আল-আইয়াত এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজন নিহত ও শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৯ নভেম্বর) এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ৮ নভেম্বর মিসরের আল-আইয়াত এলাকায় দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে সাতজনের প্রাণহানি এবং শতাধিক মানুষের আহত হওয়ার খবর অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। এ দুর্ঘটনায় এতগুলো মানুষের প্রাণহানিতে আমরা গভীরভাবে শোকাহত।
মিয়া গোলাম পরওয়ার নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, নিহতদের পরিবারের সদস্যরা যেন এই কঠিন শোক ও বেদনা সহ্য করার শক্তি ও ধৈর্য অর্জন করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আশা প্রকাশ করেন, মিসর সরকার ও দেশটির জনগণ এই মর্মান্তিক দুর্ঘটনায় সৃষ্ট শোক ও ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
বিবৃতিতে তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।