• ঢাকা |

সাহিত্য হোক সর্বজনীন”—মতিঝিলে সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা, গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলের হোটেল রিজিক রেস্টুরেন্টে সাউথ এশিয়ান আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আলোচনা সভা, কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ‘গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান অনুষ্ঠান। “সাহিত্য হোক সর্বজনীন” শীর্ষক এই আয়োজনে দেশের বিভিন্ন অঙ্গনের গুণীজনদের উপস্থিতিতে এক প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আজগর হোসেন। উদ্বোধন করেন সবুজধারা সিটির সিইও এম এ হালিম এবং সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক।

প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গীতিকার সপ্তিকা চক্রবর্তী এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ফ্যাশন ডিজাইনার এডলাভ খান। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ইসলামিক চিন্তাবিদ এ কে কামরুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান মিলন, নাট্য নির্মাতা ও সাংবাদিক আপন ইভান, সাংবাদিক ফয়সাল আজম অপুসহ সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের আরও অনেকে।

অনুষ্ঠানে সাহিত্য, সাংবাদিকতা, সমাজসেবা, ফ্যাশন ও সংস্কৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজনদের ‘গুণীজন স্টার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়।

সমাজসেবা ও ব্যবসা বিভাগে এম এ হালিম এবং মোঃ জসিম উদ্দিন, সাংবাদিকতা ও মিডিয়া বিভাগে আবুল কালাম আজাদ, মোঃ আকতার হোসেন মিলন এবং আপন ইভান, ফ্যাশন ও উদ্যোক্তা বিভাগে এডলাভ খান ও সাগর খান সম্মাননা লাভ করেন।

এছাড়া ধর্মীয় ও সমাজসেবা বিভাগে এ আর মুহাম্মদ কামরুল ইসলাম এবং সাহিত্য ও সংস্কৃতি বিভাগে কবি নুরুল্লাহ ফরহাদ, মোঃ সিরাজুল ইসলাম, এম এম মনিরুল ইসলাম, ফয়সাল আজম অপু, সপ্তিকা চক্রবর্তী ও সবুজ রায়কে পুরস্কৃত করা হয়।

বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্যকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সাহিত্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় কবিতা পাঠ, আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।