• ঢাকা |

"রাজনীতির হাতিয়ার নয়, জনগণের আস্থাভাজন পুলিশ গড়তে স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান"


নিউজ প্রকাশের তারিখ : ২ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শামীম রহমান, রাজশাহী ব্যুরো: পুলিশকে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হাতিয়ার নয়, বরং জনগণের আস্থাভাজন, পেশাদার ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তুলতে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করতে হবে।
২ আগস্ট ( রোববার ) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ছয় মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন পুলিশি সেবা নিতে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের আস্থা অর্জনই হতে হবে পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই জনগণের নতুন প্রত্যাশা পূরণে আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, সাইবার অপরাধ ও ডিজিটাল নিরাপত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের কারিগরি দক্ষতা বাড়ানো জরুরি। একই সঙ্গে জনগণের প্রকৃত বন্ধু ও সেবক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৮ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রথম ধাপের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। গত ১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রশিক্ষণ ছয় মাস ধরে চলে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সামগ্রিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে ‘বেস্ট প্রবেশনার’ এবং ‘বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিজ’ নির্বাচিত হন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। একাডেমিক পারফরম্যান্সে শ্রেষ্ঠত্বের জন্য ‘বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড’ পান আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। আর অস্ত্রচালনায় সর্বোচ্চ দক্ষতার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট শুটার’ নির্বাচিত হন এ বি এম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ সময় পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত মহাপরিদর্শক জি এম আজিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।