সাব্বির হোসাইন: বিশ্বমঞ্চে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী দক্ষতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেছেন গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার তিন মেধাবী শিক্ষার্থী।
আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এই তিন তরুণ হলেন তাহমিদ সিদ্দিকী, শেখ রাবিন ও জুনাইদ আহমদ।
দেশীয় প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের পর ইতালি, তুরস্ক ও ইন্দোনেশিয়ায় আয়োজিত তিনটি আন্তর্জাতিক বিজ্ঞান ও উদ্ভাবনমূলক আসরে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন তারা। এর মধ্যে আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ওয়ার্ল্ড ইনভেনশন অ্যান্ড সায়েন্স প্রজেক্ট অলিম্পিয়াড (ডব্লিউআইএসপিও) ২০২৬’-এর চূড়ান্ত পর্বে লড়বেন তারা। পাশাপাশি তুরস্কের একটি বৈশ্বিক বিজ্ঞান আসরে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন এবং ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক পর্বেও দেশের হয়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তাদের সামনে।
এর আগে গত ১৯ নভেম্বর রাজধানীর রাশিয়ান হাউসে আয়োজিত ‘আটলান্টিয়া ইন্টারন্যাশনাল STEM অলিম্পিয়াড–বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৬’ ও পুরস্কার বিতরণী পর্বে অংশ নেন এই তিন শিক্ষার্থী। তার আগে ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবোটিক্স অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড ২০২৬’-এর জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করে সবার নজর কাড়ে তাদের দলটি।
বৈশ্বিক মঞ্চে দেশকে তুলে ধরার এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তাহমিদ সিদ্দিকী বলেন, “বিশ্বদরবারে দেশের পতাকা হাতে নিজের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের সুযোগ পাওয়া অত্যন্ত আনন্দের ও গর্বের। আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আরও বৃহৎ পরিসরে কাজ করার স্বপ্ন দেখি।”
শেখ রাবিন মনে করেন, জাতীয় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় আন্তর্জাতিক আসরে জায়গা করে নেওয়া তাদের জন্য বড় প্রাপ্তি। তিনি বলেন, “আমাদের এই অর্জনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল নিজেদের প্রচেষ্টা, পরিবারের সহযোগিতা এবং কিছু শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণা। সত্যি বলতে, এই পথচলাটা খুব সহজ ছিল না। মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞানচর্চা, গবেষণা ও প্রজেক্ট নিয়ে কাজ করার সময় বের করতে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অনেক সময় পর্যাপ্ত সুযোগ-সুবিধা, দিকনির্দেশনা কিংবা অনুকূল পরিবেশের অভাব অনুভব করেছি; প্রাতিষ্ঠানিক চাপ সামলে নিজেদের উদ্যোগেই কাজ চালিয়ে যেতে হয়েছে। তবে হাল ছাড়িনি, প্রতিটি বাধাকে নতুন কিছু শেখার সুযোগ হিসেবে নিয়েছি।”
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় সম্ভাবনার সীমা নির্ধারণ করে না উল্লেখ করে রাবিন আরও বলেন, “একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে বলতে চাই, আমাদের পরিচয় বা শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই আমাদের সম্ভাবনার সীমা নির্ধারণ করে দিতে পারে না। মাদ্রাসায় পড়াশোনা করেও বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরা সম্ভব।”
অন্যদিকে জুনাইদ আহমদ জানান, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে বিদেশ ভ্রমণ, বিমানের টিকিট, থাকা-খাওয়া ও নিবন্ধন ফি মিলিয়ে যে বিপুল অর্থের প্রয়োজন, তা বহন করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে আরও নির্ভার ও আত্মবিশ্বাসী হয়ে বিশ্বমঞ্চে সেরাটা দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মঈনুল ইসলাম বলেন, “তাদের এই অর্জন তা’মীরুল মিল্লাতের জন্য যেমন গৌরবের, তেমনি মাদ্রাসা অঙ্গনের জন্যও আনন্দের। আমরা তাদের কার্যক্রমে যেকোনো ধরনের সহায়তা করে আসছি এবং আগামীতেও শিক্ষার্থীদের আর্থিক ও অন্যান্য সহযোগিতা অব্যাহত রাখব। আমরা বিশ্বাস করি, তারা ইবনে সিনা ও খাওয়ারিজমির মতো যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে উঠবে।”
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করলেও বিপুল আর্থিক ব্যয় এই তিন শিক্ষার্থীর সামনে বড় বাধা। তাদের এই যাত্রা নির্বিঘ্ন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বিত্তশালী ব্যক্তি ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন। শিক্ষার্থীদের প্রত্যাশা, কেবল অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় তরুণ বিশ্বদরবারে প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত না হয়।
সংশ্লিষ্ট মহল মনে করছে, বিজ্ঞান, প্রযুক্তি ও রোবোটিক্সের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় মাদ্রাসা শিক্ষার্থীদের এই সাফল্য তরুণ প্রজন্মের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা বিশ্ববাসীর সামনে বাংলাদেশের সম্ভাবনাকেও তুলে ধরবে।