প্রেস বিজ্ঞপ্তি : দেশের বিশিষ্ট সাংবাদিক, অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এক শোকবার্তায় তারা বলেন, তৌফিক ইমরোজ খালিদী ছিলেন বাংলাদেশের গণমাধ্যম জগতের একজন সুপরিচিত ও প্রাজ্ঞ ব্যক্তিত্ব। দেশে অনলাইন সাংবাদিকতার বিকাশ ও বিকল্পধারার গণমাধ্যম প্রতিষ্ঠায় তার ভূমিকা ও অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি নিজস্ব চিন্তা, পেশাদারিত্বের মাধ্যমে গণমাধ্যমকে সমৃদ্ধ করেছেন।
তারা বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তার চলে যাওয়া শুধু তার পরিবার ও সহকর্মীদের জন্য নয়, দেশের সাংবাদিকতা জগতের জন্যও গভীর শূন্যতা তৈরি করেছে।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বৃহস্পতিবার রাতে তৌফিক ইমরোজ খালিদীকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।