নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামী ২২ আগস্ট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
এবারের নির্বাচনে মই মার্কা নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী মো. মনির হোসেনকে ঘিরে ভোটারদের মধ্যে আলোচনা চলছে।
ব্যবসা, পেশাগত ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে মনির হোসেনের। তিনি মেসার্স শাহজালাল পেপার স্টোর এবং মেসার্স সাইমুম ট্রেড ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর । রিয়েল অ্যাসেটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত সংগঠনেও সক্রিয় রয়েছেন তিনি। মনির হোসেন বাংলাদেশ পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য। তিনি রিহ্যাবের ২০২৬–২০২৮ মেয়াদের স্ট্যান্ডিং কমিটি ফর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে মনির হোসেন ঢাকা কাগজ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ও যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই সমিতির ২০১১ ও ২০১৪ সালের নির্বাচন কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে মনির হোসেন বলেন, “আমি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে কাজ করছি। সদস্যদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করাই আমার প্রধান লক্ষ্য। সদস্যরা আমাকে দায়িত্ব দিলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
আগামী ২২ আগস্টের ভোটে সদস্যদের ভোটে বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মনির হোসেনের দীর্ঘ সাংগঠনিক ও পেশাগত অভিজ্ঞতা ভোটারদের মধ্যে গুরুত্ব পাচ্ছে।