মো: জসিম উদ্দিন (অন্তু) বাউফল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল নির্বাচনী সমাবেশ। আজ রোববার বিকেলে কালিশুরী বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ কালিশুরীর সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, কালিশুরী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটি পুলিশ ফাঁড়ি স্থাপন। নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে দ্রুত এই পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। এতে করে চুরি, ডাকাতি ও নানা ধরনের অপরাধ দমন সহজ হবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হবে।
তিনি বলেন, কালিশুরীর ব্যবসায়ীরা এ এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি। তাদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে। বাজার ব্যবস্থাপনা আধুনিকীকরণ, অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ড. মাসুদ আরও বলেন, শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ বৃদ্ধি, মানসম্মত শিক্ষক নিয়োগ ও আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মেধাবীদের বৃত্তির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হবে।
সমাবেশে তিনি মানুষের মৌলিক চাহিদা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে বলেন, সুপেয় পানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করা হবে। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য বলে জানান তিনি।
ড. মাসুদ বলেন, “আমরা সবাই মিলে একটি নিরাপদ ও আধুনিক কালিশুরী গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই পরিবর্তনের যাত্রায় আপনাদের সহযোগিতা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ, যা উন্নয়ন ও পরিবর্তনের পক্ষে জনসমর্থনের শক্ত বার্তা বহন করে।