• ঢাকা |

বকেয়া ডেমারেজ পরিশোধে জাহাজ মালিকদের আলটিমেটাম


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: চুক্তি অনুযায়ী বকেয়াসহ জাহাজের ডেমারেজ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকরা। একই সঙ্গে দেশের নৌপরিবহন খাত রক্ষায় সরকার প্রণীত নৌ-নীতিমালা-২০২৪-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নেরও দাবি জানান তারা।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত সাধারণ কার্গো জাহাজ মালিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জাহাজ শিল্প বর্তমানে চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শিল্পটি টিকিয়ে রাখতে হলে বিদ্যমান নীতিমালার কার্যকর বাস্তবায়নের পাশাপাশি জাহাজ মালিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ মালিকদের পক্ষে বক্তব্য দেন মো. জুবায়ের রহমান মিয়া, মেহেদী হাসান, রেজাউল হক লিটন, মাহমুদুল হাসান নিয়ন, সুজন আলম, আবরার আহমেদ, মতিউর রহমান মারুফ, আরিফুল হাসান ও সাইক সাব্বির প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, কার্গো জাহাজ শিল্পে নিয়ম-নীতি উপেক্ষা করে একটি সিন্ডিকেট চক্র শত শত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে সাধারণ জাহাজ মালিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন, পণ্য এজেন্টদের নানা কারসাজির কারণে নির্ধারিত সময়ে জাহাজ থেকে মালামাল খালাস করা হয় না। অনেক ক্ষেত্রে ১৫ দিন থেকে তিন মাস পর্যন্ত নদীতে নোঙর করে জাহাজে পণ্য গুদামজাত অবস্থায় রাখা হয়।

এর ফলে জাহাজ মালিকদের প্রতি মাসে লাখ লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে উল্লেখ করে বক্তারা দ্রুত এ সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, চুক্তি অনুযায়ী ডেমারেজ পরিশোধ নিশ্চিত করা হলে জাহাজ মালিকদের আর্থিক ক্ষতি অনেকাংশে কমে আসবে।

মানববন্ধনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শত শত কার্গো জাহাজ মালিক অংশ নেন।